দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা মো. জুয়েল মিয়াকে দলীয় সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজনের যৌথ সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে জুয়েল মিয়া দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত। যা দলের দায়িত্বশীলদের দৃষ্টিগোচর হয়েছে। তার এসব আচরণ দলের শৃঙ্খলা, ভাবমূর্তি এবং আদর্শিক অবস্থানের চরম পরিপন্থী।
যা স্পষ্টত দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের শামিল। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করে দলীয় গঠনতন্ত্রের ১২ (ক) ধারা মোতাবেক দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী জুয়েল মিয়াকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদসহ দলের সব প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ভবিষ্যতে দলের নাম ব্যাবহার করা বা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন যে কোনো কর্মকাণ্ড থেকে তাকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দীন বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় জুয়েল মিয়াকে দলীয় সব পর্যায়ের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে একই অভিযোগে দলের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
এ বিষয়ে জানতে বহিষ্কৃত জুয়েল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কালের সমাজ/কে.পি

