ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৪, ২০২৬, ১০:৩২ পিএম বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন

কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা ও চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার বাঁশপুরে যুব উন্নয়ন অধিদপ্তর, বরুড়া এবং স্থানীয় যুব ও নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান উদ্দিন। ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ এবং স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভায় যুবসমাজকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে উৎসাহিত করতে চারা গাছ বিতরণ করা হয়।

বক্তারা যুবসমাজকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে তাদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তরুণ-তরুণীরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারেন।

একই সঙ্গে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদকবিরোধী সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণ—এই চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রশিক্ষণসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!