ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

হাটহাজারীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী

হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি, | অক্টোবর ৩০, ২০২৬, ০৫:৫২ পিএম হাটহাজারীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে নিবাসী শিশুরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রের বাগানে একটি পেয়ারার চারা রোপণ করেন। এরপর শিশুদের হাতে তৈরি দেয়ালিকা ‘আলোকবর্তিকা’র দ্বাদশ সংখ্যা উন্মোচন করেন তিনি। পরে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক সেবা কার্যক্রম ও পরিচালন পদ্ধতি তুলে ধরেন। এ সময় নিবাসী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মন্ত্রীসহ অতিথিরা। শিশুদের পরিবেশনার প্রশংসা করেন উপস্থিত সবাই।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিশুরা নিজেদের তৈরি পুঁতির তাজমহলের একটি শোপিস মন্ত্রীকে উপহার দেয়। এ ছাড়া কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরিদর্শনকালে মন্ত্রী কেন্দ্রের সার্বিক পরিবেশ, শিশুদের আবাসন ব্যবস্থা, অফিস ব্যবস্থাপনা এবং বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন। এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, সমাজকল্যাণমন্ত্রীর এ পরিদর্শন কেন্দ্রের সেবা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা বিশ্বাস করেন। এর আগে মন্ত্রী সরকারি শিশু পরিবার ও সেইফ হোম পরিদর্শন করেন। উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রটি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত, বিপন্ন ও পথশিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। এ কেন্দ্রে শিশুদের নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবনদক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, বিনোদন, কর্মসংস্থান এবং পুনর্বাসন ও পরিবারে পুনঃএকত্রীকরণসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!