পাবনার ঈশ্বরদীতে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট রাখার অভিযোগে এক ওষুধ ব্যবসায়ী এবং ইয়াবা সেবনের সময় আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার নতুনহাট বাজারে ইমামুল ড্রাগ হাউস নামের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে মো. শহীদুল ইসলাম (৪২) নামে ওই ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় দোকান থেকে ১০ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৫০০ পিস ট্যাবলেট জব্দ করা হয়। অন্যদিকে, একই দিন উপজেলার মানিকনগর গ্রামের পাঠশালার মোড় এলাকায় নিজ বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় মো. রায়হান উদ্দিন জনি (৪০) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঈশ্বরদী ‘খ’ সার্কেলের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক শহীদুল ইসলাম ঈশ্বরদী শহরের পিয়ারাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে। অপর আটক রায়হান উদ্দিন জনি উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের মো. আবেদ আলী বিশ্বাসের ছেলে।
পরে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
কালের সমাজ/কে.পি

