ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে কাঞ্চন নম নামে এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। গত শনিবার রাতে উপজেলার বটতলী এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। আটক যুবক কাঞ্চন নম ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মাইজভাণ্ডার দরবার শরিফে যান কাঞ্চন নম। সেখানে একটি ছবি তুলে নিজের ফেসবুক স্টোরিতে প্রকাশ করেন তিনি। অভিযোগ উঠেছে, ওই স্টোরির সঙ্গে পবিত্র কুরআনের একটি ছবি তার পায়ের নিচে দেখানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন তার বাড়ির সামনে অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশ তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে নায়ন ইসলাম নামে এক যুবক বলেন, “পবিত্র কুরআনকে পায়ের নিচে দেখিয়ে স্টোরি দেওয়ার বিষয়টি আমরা মেনে নিতে পারছি না। তিনি ভুল করে থাকলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে এমনটি করে থাকেন, তাহলে প্রশাসনের কাছে তার শাস্তি দাবি করছি।” ভূজপুর থানার (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ/কে.পি

