পবিত্র হজ ও ধর্মীয় বিধান নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার পর এর প্রতিবাদ করায় সাংবাদিকসহ বেশ কয়েকজনকে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত এমডি সোহেল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের একজন দলীয় নেতা এবং বর্তমানে বিএনপির সাথে জোটে থাকার কারণে সে ক্ষমতা ও প্রভাব দেখিয়ে তাদের ছায়াতলে থেকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাঁকে দ্রুত আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা (মামলা) নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে কবিরহাটের বাসিন্দা এমডি সোহেল লেখেন— "২ লাখ টাকা খরচ করে মক্কা গিয়ে শয়তান কে পাথর না মেরে। বিনামূল্যে কিছু জামাতের নেতাদের পাথর মারুন সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ।"
এই অবমাননাকর পোস্টের তীব্র প্রতিবাদ জানান সাংবাদিক মো. আবদুল্যাহ চৌধুরী ও সাইফুল ইসলাম নিশাদসহ স্থানীয় সাধারণ মানুষ। প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সোহেল কমেন্ট বক্স ও ব্যক্তিগত মেসেঞ্জারে এসে তাদের অকথ্য ভাষায় গালমন্দ ও নানা ধরনের হুমকি দিতে শুরু করেন।
ভুক্তভোগীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং প্রতিবাদকারীদের এভাবে হেনস্তা করার অপরাধে রাজনৈতিক পরিচয় উপেক্ষা করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন এবং আইনি লড়াইয়ে নামতে বাধ্য হবেন তারা। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনগত পদক্ষেপ দাবি করছেন সংশ্লিষ্টরা।

