ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭২ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটির বাবা মো. হালিম হাং বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলাটি করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে বাহেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটি শেষে বাড়ি ফিরছিল শিশুটি। পথে সুগন্ধিয়া বাজার এলাকায় অভিযুক্ত আবদুল বারেক সিকদারের চায়ের দোকানের সামনে পৌঁছালে তাকে হাত ও মুখ চেপে পাশের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সেখানে শিশুটির পোশাক খোলার চেষ্টা করা হলে সে অভিযুক্তের হাতে কামড় দিয়ে ‘মা, মা’ বলে চিৎকার করে। এ সময় আশপাশের কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদী মো. হালিম হাং পেশায় রাজমিস্ত্রির সহকারী। এজাহারে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন বিকেল ৫টার দিকে কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পারেন। পরে শিশুটির কাছ থেকেও ঘটনার বিবরণ শোনেন। স্থানীয় ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা শেষে থানায় মামলা করতে যাওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি এজাহারে উল্লেখ করেন।
মামলার এজাহারে অভিযুক্ত আবদুল বারেক সিকদার (৭২), পিতা মৃত কদম আলী সিকদার, ঝালকাঠির নথুল্লাবাদ ইউনিয়নের হবিরকাঠি এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া বাজার আবাসন এলাকার একটি পরিত্যক্ত কক্ষে।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় মামলা নং- ১১ এবং জিআর নং- ২৯৫/২৬ নথিভুক্ত হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বিনয়কাঠি ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ/কে.পি

