ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বৈধপথে ইতালিতে কাজের সুযোগ, তালিকায় রয়েছে বাংলাদেশীরা

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ৭, ২০২৬, ০৮:৩৬ পিএম বৈধপথে ইতালিতে কাজের সুযোগ, তালিকায় রয়েছে বাংলাদেশীরা

ইতালিতে আগামী বছর প্রায় ১ লাখ ৬৬ হাজার  বিদেশি কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ তালিকায় বাংলাদেশের সাথে আরো ৩৬ টি দেশের নাম রয়েছে। তবে এরজন্য সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরিতে আবেদন করতে হবে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

স্থানীয় সময় পহেলা অক্টোবর বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতিবিষয়ক, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি শ্রমিককে বৈধপথে ইতালিতে কাজ নিয়ে প্রবেশের সুযোগ দেয়া হবে। এক্ষেত্রে নন-সিজনাল ক্যাটাগরিতে ৭৬ হাজার ২০০, সিজনাল ক্যাটাগরিতে ৮৯ হাজার এবং নিজস্ব কাজের জন্য ৬৫০টি কোটা নির্ধারণ করা হয়েছে।

এ তালিকায় বাংলাদেশের সাথে আরো ৩৬ টি দেশের নাম রয়েছে।  অন্যান্য দেশগুলো হল : আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, কাপোভের্দে, ইকুয়েডর, মিশর, এল সালভাদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, জর্ডান, গুয়াতেমালা, ভারত, কিরগিজস্তান, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনেগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, উত্তর মেসিডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, থাইল্যান্ড, তিউনিসিয়া, ইউক্রেন, উজবেকিস্তান।

তবে এরজন্য চলতি মাসের ২৩ তারিখ থেকে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সরকারের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ক্যাটাগরির ইতালিয়ান একজন মালিক দ্বারা অনলাইনে আবেদন পত্র পূরণ করা যাবে।


এরপর নির্ধারিত চার দিনে আবেদন জমা দেওয়া যাবে। তারিখগুলো হলো ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি ২০২৭।

এরমধ্যে ১২ জানুয়ারিতে সিজনাল কৃষি খাতের আবেদন, ৯ ফেব্রুয়ারী সিজনাল পর্যটন খাতে, ১৬ ফেব্রুয়ারী নন-সিজনাল এবং ১৮ ফেব্রুয়ারিতে নন-সিজনাল ডমেস্টিক খাতের আবেদন জমা করা যাবে।

যদিও বাংলাদেশ থেকে আসতে চাওয়া কর্মীদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে সরকারি ঘোষণায় বাংলাদেশের জন্য আলাদা কোনো কোটা উল্লেখ করা হয়নি।

তবে আবেদন করার আগে অবশ্যই ভালোভাবে কাগজপত্র যাচাই-বাছাই করে আবেদন করার প্রক্রিয়া সম্পন্ন করার আহবান জানিয়েছেন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা।

এবিষয়ে ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কামরুল ইসলাম রিগ্যান বলেন, ‘ইতালি সরকারের এই ঘোষণা অনুযায়ী প্রতিটি বাংলাদেশী কর্মীকে একজন সঠিক মালিক দ্বারা আবেদন করতে হবে। আবেদনের আগে সুযোগ থাকলে ইতালিতে থাকা আত্মীয়স্বজনদের মাধ্যমে মালিকের কাগজপত্র যাচাই-বাছাই করে নিতে হবে। তবে দালালদের থেকে সাবধান থাকতে হবে।’

কালের সমাজ/কে.পি

Link copied!