ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই সক্রিয় দালালচক্র

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ২২, ২০২৬, ১২:২৩ পিএম মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই সক্রিয় দালালচক্র

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে বিদেশগামী কর্মীদের মধ্যে। তবে শ্রমবাজার পুরোপুরি চালুর আগেই সামনে আসছে অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার অভিযোগ। বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষার নামে বাড়তি টাকা নেয়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। আগেরবারও মেডিকেল পরীক্ষার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছিল। প্রতারণার শিকার হয়েছিলেন অসংখ্য কর্মী। এবারও সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

মালয়েশিয়ায় কর্মসংস্থানের আশায় অনেক বাংলাদেশি সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের কয়েক গুণ বেশি অর্থ খরচ করেছেন। কিন্তু বিপুল টাকা দিয়েও প্রত্যাশিত কাজ পাননি অনেকে। কেউ মালয়েশিয়ায় গিয়ে চুক্তি অনুযায়ী চাকরি পাননি, আবার কাউকে কাটাতে হয়েছে বন্দিদশায়। বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে যাওয়া এসব মানুষের প্রতারণার শিকার হওয়ার ঘটনা আগেও প্রচার করেছে চ্যানেল 24।

এবার মালয়েশিয়ার শ্রমবাজার চালুর ঘোষণার পর দুই দফায় ২৫টি এজেন্সির আওতায় ৩১২টি রিক্রুটিং এজেন্সি এবং ৫০টির বেশি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে তালিকা প্রকাশের পরও কর্মী নিয়োগের সামগ্রিক প্রক্রিয়া এবং বিদেশ যেতে মোট কত টাকা খরচ হবে, তা নিয়ে স্পষ্টতা তৈরি হয়নি। একদিকে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট অভিবাসন ব্যয়ের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিদেশগামীদের কাছে কয়েক গুণ বেশি অর্থ দাবি করার অভিযোগ উঠছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একজন কর্মীর মালয়েশিয়া যেতে খরচ হবে ১ লাখ ৫৪ হাজার টাকা। অন্যদিকে, প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২ লাখ টাকায় মালয়েশিয়ায় যেতে পারবেন কর্মীরা। সরকারের এই ঘোষণার সঙ্গে বাস্তবে বিদেশগামীদের কাছে চাওয়া অর্থের বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বেসরকারিভাবে কর্মী পাঠানোর ক্ষেত্রেও সরকার নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত অর্থ নেয়ার সুযোগ নেই। বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় যেতে ব্যয় হবে ১ লাখ ৫৪ হাজার টাকা। নির্ধারিত নিয়মের বাইরে অর্থ আদায় বা অন্য কোনো অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিন্তু মাঠপর্যায়ের চিত্রে দেখা যাচ্ছে ভিন্ন পরিস্থিতি। মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য পাসপোর্ট জমা নেয়া হচ্ছে। পাশাপাশি দেশটিতে যাওয়ার জন্য অনেকের কাছে ৫ থেকে ৬ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আগেরবার স্বাস্থ্য পরীক্ষার নামে বিপুল অর্থ আদায়ের অভিযোগ থাকায় নতুন করে একই প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন বিদেশগামীরা।

মালয়েশিয়াগামী এক কর্মী জানান, ২০২৪ সালেও সরকার কম খরচে কর্মী পাঠানোর কথা বলেছিল। কিন্তু শেষ পর্যন্ত কলিং ভিসায় মালয়েশিয়া যেতে অনেককে ৫ লাখ টাকার বেশি খরচ করতে হয়েছে। ফলে এবারও সরকারি ঘোষণার সঙ্গে বাস্তব খরচের মিল থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

আরেক কর্মীর অভিযোগ, মালয়েশিয়া যেতে তার কাছে সাড়ে ৫ থেকে ৬ লাখ টাকা খরচের কথা বলা হয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে নির্ধারিত খরচের পরিমাণ অনেক কম। এত বড় ব্যবধানের কারণ জানতে চাইলেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা পাননি। আরেকজনের ভাষ্য, অতীতেও সরকার বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে সেসব প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি।

ফলে নতুন করে শ্রমবাজার চালুর উদ্যোগের মধ্যেই কর্মীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কলিং ভিসায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হওয়ার আগেই দালালচক্রের তৎপরতার অভিযোগ সামনে আসায় আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন অনেকে। বিশেষ করে সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হলে বিদেশগামী কর্মীদের আর্থিক ঝুঁকি আরও বাড়বে।

এ পরিস্থিতিতে অভিবাসন ব্যয় নির্ধারণের ক্ষেত্রে বাস্তবতা বিবেচনায় নেয়ার পাশাপাশি পুরো নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলছেন অভিবাসন বিশ্লেষকরা। তাদের মতে, শুধু খরচ নির্ধারণ করলেই হবে না, সেই খরচ বাস্তবে কার্যকর হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।

অভিবাসন বিশ্লেষক আসিফ মুনির বলেন, কর্মীরা যদি সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় যেতেন এবং সেখানে সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি পেতেন, তাহলে পুরো প্রক্রিয়ার দায়িত্ব সরকার নিতে পারত। কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কীভাবে নির্ধারিত খরচ নিশ্চিত করবে, সেটিও বিবেচনার বিষয়।

এদিকে, সম্প্রতি ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর ঘোষণা দিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মীদের একটি অংশের জন্য বিদেশ যাওয়ার আর্থিক চাপ কমবে। তবে সামগ্রিকভাবে শ্রমবাজার চালুর প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এবং প্রতারণার আশঙ্কা থেকেই যাচ্ছে। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কতটা স্বচ্ছ ও নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় কর্মী পাঠানো সম্ভব হবে, সেটিই এখন দেখার বিষয়।

কালের সমাজ/এসআর

Link copied!