চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট সড়কে ডিভাইডার নির্মাণের দাবি দীর্ঘদিনের। এরই মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটের দিকে হাটহাজারীর সরকারহাটস্থ মুছার দোকান এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর ভাই নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত দুই ভাই হলেন তুষার ও ইরাত। তাঁদের বাড়ি উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল এলাকায়। হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুকুর রহমান জানান, আহত দুই ভাইয়ের মধ্যে একজন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপরজন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হাটহাজারী-নাজিরহাট সড়কে ডিভাইডার নির্মাণের দাবি নতুন করে জোরালো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও ডিভাইডার নির্মাণের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তাঁদের দাবি, আর প্রাণহানির অপেক্ষা না করে দ্রুত ডিভাইডার নির্মাণসহ সড়কে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হোক।
কালের সমাজ/কে.পি

