ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
রুহুল কবির রিজভী

‘দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে’

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১৯, ২০২৬, ১০:২৫ পিএম ‘দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে’

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সরকারের সময়ে আগের মতো গুম, খুন কিংবা ক্রসফায়ারের সংস্কৃতি নেই। মানুষ এখন নির্ভয়ে চলাফেরা করতে পারছে। শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকার জনগণের কাছে জবাবদিহি করে কাজ করছে।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্মার্ট হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও এগিয়ে নেওয়া হচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে রিজভী বলেন, এ নিয়ে যেসব আপত্তি বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।

দেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা অভিযোগ করেন, নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় দলীয় নেতাকর্মীদের হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়া গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটানো হচ্ছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। এ ধরনের অপচেষ্টা চলতে থাকলে এবং ধৈর্যের সীমা অতিক্রম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!