ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশ্বরপাশা সিএসডিতে গম পাচারচেষ্টা আরিফ, মেহেদী ও কামরুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর

খুলনা ব্যুরো | নভেম্বর ১৯, ২০২৬, ০৯:০৩ পিএম মহেশ্বরপাশা সিএসডিতে গম পাচারচেষ্টা আরিফ, মেহেদী ও কামরুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর

খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা সিএসডির অভ্যন্তরে খাদ্য অধিদপ্তরের স্টিল সাইলো থেকে সরকারি গম পাচারচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় আরিফ হোসেন, মেহেদী ও মো. কামরুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ আদেশ দেন।

একই সঙ্গে তাঁদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর তন্ময় কুমার বসু আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই মামলায় গ্রেপ্তার এইচ এম আল ইমরান ও মো. রাজিবকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার (৮ নভেম্বর) খুলনার সিএমএম আদালতে দৌলতপুর থানা পুলিশের পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। দৌলতপুর থানা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে দৌলতপুর থানায় মামলা নম্বর-১ হিসেবে মামলাটি রুজু হয়। মহেশ্বরপাশা সাইলো সুপার অরূপ কুমার মিশ্র বাদী হয়ে দণ্ডবিধির ৩৮০/৫১১ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর রাতে মহেশ্বরপাশা স্টিল সাইলোর ভেতরে দুটি ট্রাকে গম বোঝাই করার খবর পান সাইলো সুপার অরূপ কুমার মিশ্র। ওই সময় তিনি সরকারি কাজে ঢাকায় অবস্থান করছিলেন। সাইলোর ফোরম্যান আব্দুর রহমান মোবাইল ফোনে তাঁকে জানান, কয়েকজন ব্যক্তি এলইউএ রেজিস্টারে কোনো তথ্য লিপিবদ্ধ না করেই সাইলোতে সংরক্ষিত বস্তাভর্তি গম ট্রাকে তুলছেন। খবর পেয়ে সাইলো সুপার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন এবং গম বোঝাই বন্ধ করে পুলিশকে খবর দেওয়ার নির্দেশ দেন। এ সময় দুটি ট্রাকে গম বোঝাই করে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তৃতীয় একটি ট্রাকে ছয় বস্তা গম তোলা হয়। সাইলোর অপারেটর প্রদীপ কুমার মণ্ডল সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তাঁরা কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ট্রাক আটক করে। ট্রাক দুটির নম্বর খুলনা মেট্রো-ট-১১-১১০৯ এবং যশোর মেট্রো-ট-১১-২০০। প্রতিটি ট্রাকে আনুমানিক ৪০০ বস্তা করে মোট ৮০০ বস্তা গম ছিল।

যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। তবে এ ঘটনায় কোনো সরকারি গম সাইলো থেকে বাইরে নেওয়া সম্ভব হয়নি বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। এদিকে মহেশ্বরপাশা সিএসডির শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর সিএসডির তৎকালীন সহসভাপতি মো. আরিফ হোসেন প্রভাব খাটিয়ে নির্বাচিত সভাপতিকে সরিয়ে নিজেই সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর বিরুদ্ধে সিএসডির পুরোনো সাইলো থেকে লোহাসহ বিভিন্ন মালামাল এবং রেলওয়ের সংরক্ষিত রেললাইন ও অন্যান্য সামগ্রী ট্রাকে করে নিয়ে বিক্রির অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর আরও অভিযোগ, সিএসডির অভ্যন্তরে থাকা বড় বড় শিরীষগাছ বিক্রি করা হয়েছে। তিন দফায় এসব গাছ বিক্রির মাধ্যমে প্রায় ১২ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে স্টিল সাইলোতে কর্মরত এইচ এম আল ইমরানসহ কয়েকজনের বিরুদ্ধেও অতীতের বিভিন্ন অনিয়ম ও মালামাল চুরির অভিযোগ তুলেছেন স্থানীয় সূত্রগুলো। তাঁদের মধ্যে এইচ এম আল ইমরানের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল চুরির ঘটনায় প্রায় পাঁচ কোটি টাকার দাবিসংবলিত সিআর মামলা নম্বর-১০১-এ আসামি থাকার কথাও দাবি করেছে সূত্রগুলো। এ ছাড়া মো. কামরুলের বিপুল অবৈধভাবে অর্জিত সম্পদের মালিক হওয়া নিয়েও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!