গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ ও তার ৫ বছর বয়সী ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী ও সতিনসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলার প্রধান আসামি নিহত গৃহবধূর সতিন শাহিনা বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আব্দুর রাজ্জাক আকন্দসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।
বুধবার রাত সোয়া ১২টার দিকে নিহত আইনুর নাহার আঁখির বাবা মো. আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেলে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী (দুলাল) গ্রামের নিজ বাড়ি থেকে আইনুর নাহার আঁখি (৩৫) ও তার ৫ বছর বয়সী ছেলে আহনাব আদিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা জানিয়েছিল পুলিশ। নিহত আঁখি ওই এলাকার বাসিন্দা এবং রেলওয়ের টাইমকিপার পদে কর্মরত আব্দুর রাজ্জাক আকন্দের প্রথম স্ত্রী। আহনাব আদিল তাদের তৃতীয় সন্তান।
মামলার এজাহারে আসামি হিসেবে আব্দুর রাজ্জাক আকন্দের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগম (২৬), মোকলেছুর রহমান বালাজুর ছেলে আনন্দ বাবু বাদল (২৪), মৃত আল আমিনের ছেলে সবুজ মিয়া (৩৬), মৃত আবুল হোসেন আকন্দের ছেলে আব্দুর রাজ্জাক আকন্দ (৪০), মৃত দানেছ আলীর ছেলে আমজাদ হোসেন (৫২), আতোয়ার রহমান দর্জির স্ত্রী মহিরেন বেগম (৪৬) এবং সাখাওয়াত হোসেনের স্ত্রী ফুলমতি বেগমের (৩৭) নাম উল্লেখ করা হয়েছে। তাদের বাড়ি দুলাল গ্রামে। এ ছাড়া একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বজরা কঞ্চিবাড়ী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম রাজা (৪৪) এবং আবদুল কাদের মিয়ার ছেলে মোকলেছুর রহমানকে (৪৭) আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৬-১৭ বছর আগে আব্দুর রাজ্জাক আকন্দের সঙ্গে আঁখির বিয়ে হয়। তাদের সংসারে রেজওয়ানা আক্তার (১৫), রাইশা আক্তার রাহি (৯) ও আহনাব আদিল (৫) নামে তিন সন্তান রয়েছে। আব্দুর রাজ্জাক বর্তমানে ঠাকুরগাঁও জেলায় কর্মরত।
এজাহারে আরও বলা হয়, রেলওয়ের বামনডাঙ্গায় কর্মরত থাকাকালে আব্দুর রাজ্জাকের সঙ্গে শাহিনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে প্রায় ৪ বছর আগে শাহিনাকে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন তিনি। এরপর থেকেই আঁখির সঙ্গে স্বামী ও সতিনের পারিবারিক বিরোধ এবং নির্যাতনের ঘটনা ঘটতে থাকে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়। পরে সালিশে গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত অনুযায়ী সন্তানদের নিয়ে বামনডাঙ্গায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন আঁখি। অন্যদিকে শাহিনা দুলাল গ্রামের বাড়িতেই থাকতেন।
এজাহারের বর্ণনা অনুযায়ী, পরবর্তী সময়ে আব্দুর রাজ্জাকের কর্মস্থল বামনডাঙ্গা থেকে ঠাকুরগাঁওয়ে বদলি হলে আঁখি ও তার সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে স্বামী রাজ্জাক, সতিন শাহিনা ও অন্য আসামিরা তাদের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ গত ১৭ নভেম্বর স্বামী আব্দুর রাজ্জাকের নির্দেশে শাহিনাসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে আঁখি ও তার ৫ বছর বয়সী ছেলে আহনাব আদিলকে শ্বাসরোধে হত্যা করেন বলে এজাহারে দাবি করা হয়েছে।
ঘটনার দিন স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য শাহিনা বেগমকে আটক করা হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরদিন তাদের দাফন সম্পন্ন হয়। মামলার পর শাহিনাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, মা ও ছেলেকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এজাহারের প্রধান আসামি শাহিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কালের সমাজ/কে.পি

