ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি টিপুর উদ্যোগে একনেকে অনুমোদন পেল মান্দাবাসীর স্বপ্নের প্রসাদপুর খেয়াঘাট সেতু

মাহবুবুজ্জামান সেতু, মান্দা উপজেলা, নওগাঁ | নভেম্বর ১৮, ২০২৬, ০৬:৫০ পিএম এমপি টিপুর উদ্যোগে একনেকে অনুমোদন পেল মান্দাবাসীর স্বপ্নের প্রসাদপুর খেয়াঘাট সেতু

নওগাঁর মান্দাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণের পথে আরও একধাপ অগ্রগতি হয়েছে। উপজেলার প্রসাদপুর ঘাটে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ সুখবর জানান। তাঁর এই ঘোষণার পর মান্দাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেকেই তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছেন।

প্রসাদপুর ঘাটে আত্রাই নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুই পাড়ের মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো কিংবা নৌকার ওপর নির্ভর করে নদী পারাপার হতে হয়। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। জরুরি প্রয়োজনে নদী পারাপারও হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ।

সেতুটি নির্মিত হলে মান্দার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে দুই পাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর প্রচেষ্টা ও উদ্যোগে একনেকে প্রকল্পটি অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথ সুগম হয়েছে। এখন তাঁদের অপেক্ষা দ্রুত নির্মাণকাজ শুরু ও নির্ধারিত সময়ে সেতুর বাস্তবায়ন।

মান্দাবাসীর কাছে এটি কেবল একটি সেতু নয়; এটি দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি, স্বস্তির যাতায়াত এবং এলাকার উন্নয়নের নতুন স্বপ্ন।

কালের সমাজ/কে.পি

Link copied!