পার্বত্য জেলার বান্দরবানের লামায় বিভিন্ন পাহাড়ে কৃষিজমিতে খাদ্যশস্যের বদলে তামাক, ঝুঁকিতে জনস্বাস্থ্য; বন উজাড় ও পরিবেশদূষণের আশঙ্কা, পাহাড়ের সবুজ প্রকৃতি, উর্বর কৃষিজমি ও জীববৈচিত্র্যের ওপর ক্রমেই বিস্তার ঘটিতেছে তামাক চাষের আগ্রাসন। যে জমিতে উৎপাদিত হওয়ার কথা ধান,শাকসবজি, ডালসহ নানা ধরনের খাদ্যশস্য, সেই জমির একটি অংশ এখন তামাক চাষের দখলে। একদিকে তামাকপাতা চাষ ও প্রক্রিয়াজাতকরণে কৃষকের স্বাস্থ্যঝুঁকি বাড়িতেছে, অন্যদিকে পাতা শুকানোর জ্বালানি সংগ্রহকে কেন্দ্র করিয়া পাহাড়ি বনাঞ্চলের ওপর চাপ সৃষ্টি হওয়ার অভিযোগ উঠিতেছে। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে মাটি ও পানিদূষণের আশঙ্কাও বাড়িতেছে। সব মিলাইয়া তামাকের বিস্তার লামার পাহাড়ি পরিবেশ, কৃষি অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার জন্য এক নতুন উদ্বেগের কারণ হইয়া দাঁড়াইয়াছে।
তামাক চাষ, পাতা সংগ্রহ, পরিচর্যা ও প্রক্রিয়া জাতকরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কৃষকেরা নানা স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হইতেছেন। বিশেষত ভেজা তামাকপাতা সংগ্রহ ও পরিচর্যার সময় পাতায় থাকা নিকোটিন ত্বকের সংস্পর্শে আসিয়া বিষক্রিয়া সৃষ্টি করিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে ইহা ‘গ্রিন টোব্যাকো সিকনেস’ নামে পরিচিত। এ ছাড়া তামাক চাষে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক পদার্থ যথাযথ নিরাপত্তা ছাড়াই প্রয়োগ করিলে চর্মরোগ, শ্বাসতন্ত্রের সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ে।অন্যদিকে প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের কারণে ক্যানসার, হৃদ্রোগ, স্ট্রোক ও দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। ফলে তামাকের উৎপাদন ও ব্যবহার, উভয় ক্ষেত্রেই জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হইতেছে।
তামাকপাতা প্রক্রিয়াজাতকরণ ও শুকানোর কাজে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়। এ চাহিদা পূরণে পাহাড়ি বনাঞ্চলের কাঠ ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ সত্য হইলে ইহার পরিণতি হইতে পারে ভয়াবহ। নির্বিচারে গাছ কাটার ফলে প্রাকৃতিক বনভূমি সংকুচিত হওয়া, বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস, জীববৈচিত্র্যের ক্ষতি এবং পাহাড়ের পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রহিয়াছে।একই সঙ্গে তামাক চাষে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাভাবিক উর্বরতা হ্রাস এবং খাল, ছড়া, নদী ও জলাশয়ের পানি দূষিত হওয়ার ঝুঁকি দেখা দিয়াছে। পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক পানির উৎস ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হইলে তাহার প্রভাব পড়িবে স্থানীয় মানুষের জীবনযাত্রা ও কৃষি উৎপাদনের ওপর।
লামা উপজেলার পাহাড়ি কৃষকদের একটি অংশ তামাক কোম্পানির নানা প্রলোভন, আগাম অর্থ ও দাদননির্ভর ব্যবস্থার কারণে তামাক চাষে ঝুঁকিতেছেন বলিয়া অভিযোগ রহিয়াছে। কোম্পানির আগাম অর্থ ও উৎপাদিত পাতা ক্রয়ের আশ্বাস অনেক কৃষককে তামাক চাষে উৎসাহিত করিতেছে বলিয়া স্থানীয় পর্যায়ে আলোচনা রহিয়াছে।
ফলে খাদ্যশস্য ও শাকসবজি উৎপাদনের উপযোগী কৃষিজমির একটি অংশ তামাক চাষে ব্যবহৃত হইতেছে। ধান, ডাল, শাকসবজি ও অন্যান্য পুষ্টিকর খাদ্য উৎপাদনের পরিবর্তে তামাক চাষের বিস্তার ঘটিলে স্থানীয় খাদ্য উৎপাদন ও কৃষির বৈচিত্র্য ব্যাহত হওয়ার আশঙ্কা রহিয়াছে। দীর্ঘমেয়াদে ইহার প্রভাব পড়িতে পারে খাদ্যনিরাপত্তা ও মানুষের পুষ্টি চাহিদা পূরণের ওপর।
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা তামাক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, “তামাক কেবল মানবদেহের জন্য অন্যতম মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ নয়, ইহা আমাদের পরিবেশ ও অর্থনীতির জন্যও বড় হুমকি। তামাক চাষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কৃষকেরা ফুসফুসের রোগ, চর্মরোগ এবং দীর্ঘমেয়াদি বিষক্রিয়াসহ বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতার ঝুঁকিতে থাকেন। অন্যদিকে প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের কারণে ক্যানসার, হৃদ্রোগ ও শ্বাসকষ্টের মতো রোগের ঝুঁকি বাড়ে।তিনি আরও বলেন, “তামাক কোম্পানির নানা প্রলোভন ও আগাম দাদনের ফাঁদে পড়িয়া অনেক কৃষক তামাক চাষে আগ্রহী হইতেছেন। ফলে খাদ্যশস্য ও শাকসবজি উৎপাদনের উপযোগী উর্বর কৃষিজমি তামাক চাষের আওতায় চলে যাইতেছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে এসব জমি তামাকের পরিবর্তে খাদ্যশস্য উৎপাদনে ফিরাইয়া আনা সময়ের দাবি।”
ডা. গোলাম মোস্তফা নাদিম আরও বলেন, লামা উপজেলাকে স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব ও তামাকমুক্ত জনপদ হিসেবে গড়িয়া তুলিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করিতে হইবে। তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, জনসচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি এবং তামাক চাষের ক্ষতিকর দিকগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া জরুরি। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও কৃষি বিভাগ সমন্বিতভাবে কাজ করিবে।অন্যদিকে লামা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাকিলা আক্তার বলেন, “রবি শস্য, শীতকালীন সবজি ও ধান চাষে সরকারি ভর্তুকিমূল্যের সার ব্যবহারে যেন কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে কৃষি বিভাগ কঠোর নজরদারি রাখিতেছে। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করিবার লক্ষ্যে বিকল্প হিসেবে খাদ্যশস্য ও লাভজনক ফসল উৎপাদনে উৎসাহিত করা হইতেছে। এ পর্যন্ত এ বিষয়ে আটটি উঠান বৈঠক অনুষ্ঠিত হইয়াছে।
সচেতন নাগরিকরা বলেন, তামাক কোম্পানির প্রলোভন ও দাদননির্ভর চাষব্যবস্থার পরিবর্তে কৃষকদের ন্যায্য বাজারব্যবস্থা, কৃষিঋণ এবং সরকারি কৃষি প্রণোদনার আওতায় আনিতে কৃষি সম্প্রসারণ বিভাগ কাজ করিয়া যাইতেছে।সচেতন মহলের অভিমত, পাহাড়, বন, কৃষিজমি ও জনস্বাস্থ্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হইলে ভবিষ্যতে লামার পরিবেশ ও খাদ্যনিরাপত্তা বড় ধরনের সংকটের মুখে পড়িতে পারে। শুধু কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করিলেই সমস্যার সমাধান হইবে না; পাশাপাশি বিকল্প ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষিঋণ ও সরকারি প্রণোদনা সহজলভ্য করা এবং তামাক কোম্পানির দাদননির্ভর প্রভাব কমানো জরুরি।একই সঙ্গে তামাকপাতা শুকানোর কাজে ব্যবহৃত জ্বালানির উৎস, বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ, রাসায়নিক ব্যবহারের মাত্রা এবং খাদ্যশস্যের জমিতে তামাক চাষের প্রকৃত পরিমাণ সরেজমিনে তদন্ত করা প্রয়োজন।পাহাড়ের সবুজ প্রকৃতি, কৃষকের সুস্বাস্থ্য, প্রাকৃতিক বনভূমি ও আগামী প্রজন্মের খাদ্যনিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিক সমাজকে সমন্বিতভাবে এগিয়ে আসিতে হইবে। অন্যথায় স্বল্পমেয়াদি আর্থিক লাভের মোহে তামাক চাষের বিস্তার একসময় পাহাড়ের দীর্ঘমেয়াদি পরিবেশগত ও কৃষি অর্থনীতির জন্য বড় বিপর্যয়ের কারণ হইয়া উঠিতে পারে বলে জানান তারা।
কালের সমাজ/কে.পি

