অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না, কোনো গ্রহের বায়ুমণ্ডলে কী ধরনের গ্যাস রয়েছে কিংবা দূরবর্তী মহাজাগতিক বস্তুর রাসায়নিক গঠন কেমন—এসব রহস্যের উত্তর খুঁজতে বিজ্ঞানীদের প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত বৈজ্ঞানিক যন্ত্র। আর সেই যন্ত্র উদ্ভাবনের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশের মেয়ে মাহমুদা সুলতানা।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটারি এনভায়রনমেন্টস ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কর্মরত রয়েছেন তিনি। ন্যানোপ্রযুক্তি, উন্নত সেন্সর এবং ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবনে তার গবেষণা ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানে নতুন সম্ভাবনার দ্বার খুলছে।
পাবনা জেলার ঈশ্বরদীতে জন্ম মাহমুদা সুলতানার। ছোটবেলা থেকেই গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি ছিল তার গভীর আগ্রহ। যন্ত্রপাতি কীভাবে কাজ করে, প্রযুক্তির মাধ্যমে কীভাবে নতুন কিছু উদ্ভাবন করা যায়—এসব বিষয় তাকে সব সময় ভাবাত। তার বাবা ছিলেন একজন প্রকৌশলী। বাবার সঙ্গে বিভিন্ন প্রকৌশল প্রকল্পে যাওয়ার সুযোগ হতো ছোট্ট মাহমুদার। সেখানে যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার কাছ থেকে দেখার সুযোগ পান তিনি। এভাবেই বিজ্ঞানের প্রতি তার আগ্রহ ধীরে ধীরে আরও গভীর হয়ে ওঠে।
মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ তৈরিতেও পরিবারের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার এক নিকটাত্মীয় যুক্তরাষ্ট্রের নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করতেন। তার কাছ থেকেই মহাকাশ, গ্রহ-নক্ষত্র এবং বৈজ্ঞানিক গবেষণার নানা গল্প শুনতেন মাহমুদা। এসব গল্প তার কল্পনার জগৎকে আরও বিস্তৃত করে। একসময় মহাকাশ নিয়ে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।
মাত্র ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান মাহমুদা। সেখানে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করেন। রাসায়নিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি গণিতেও বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন। অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ অর্জন করেন ‘সুমা কাম লাউড’ সম্মাননা।
পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)। সেখানে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি সম্পন্ন করেন। পাশাপাশি কোয়ান্টাম মেকানিকস নিয়েও বিশেষায়িত গবেষণা করেন তিনি।
তবে মাহমুদার এই পথচলা সব সময় সহজ ছিল না। প্রকৌশলীদের আবাসিক এলাকায় বেড়ে উঠলেও আশপাশে নারী প্রকৌশলীর উপস্থিতি খুব একটা দেখেননি তিনি। একসময় তার মনেও ধারণা তৈরি হয়েছিল, প্রকৌশল হয়তো পুরুষদের পেশা। কিন্তু গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি গভীর ভালোবাসা তাকে সেই ধারণার মধ্যে আটকে থাকতে দেয়নি। নিজের আগ্রহ, মেধা ও যোগ্যতার ওপর আস্থা রেখে এগিয়ে গেছেন তিনি।
আজ নাসার গবেষণাগারে কাজ করে মহাকাশের অজানা রহস্য উন্মোচনের প্রচেষ্টায় অবদান রাখছেন পাবনার এই মেয়ে। তার অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী মেয়েদের জন্যও এক অনুপ্রেরণার গল্প।
কালের সমাজ/কে.পি

