ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির উত্তরসূরির নাম জানিয়ে দিলেন মা কুচ্চিত্তিনি

স্পোর্টস ডেস্ক | নভেম্বর ১৯, ২০২৬, ০৯:৩৩ এএম মেসির উত্তরসূরির নাম জানিয়ে দিলেন মা কুচ্চিত্তিনি

লিওনেল মেসির মতো ফুটবলার পাওয়া সহজ নয়। ফুটবল বিশ্বে কথাটি বেশ আগে থেকেই প্রচলিত। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন, ক্লাব ফুটবলে গড়েছেন অসংখ্য কীর্তি। জাতীয় দল থেকে তার বিদায়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কে হবেন মেসির উত্তরসূরি? সেই প্রশ্নের উত্তর যেন আগেভাগেই দিয়ে রেখেছেন মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। ছেলের বিদায়ী ম্যাচে এক তরুণ ফুটবলারের হাত ধরে তিনি বলেছিলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ সেই তরুণ আর কেউ নন, আর্জেন্টিনার উদীয়মান তারকা নিকো পাজ।

গত ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন মেসি। ছেলের বিদায়ী ম্যাচ দেখতে সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন ক্ষুদে জাদুকরের মা। সেই আবেগঘন মুহূর্তের একটি ঘটনা সম্প্রতি সামনে এনেছেন আর্জেন্টাইন ডিজাইনার ফাবিয়ান পাজ। এমনই খবর প্রকাশ করেছে গোল ডটকম।

ফাবিয়ান বলেন, ‘মেসির বিদায়ী ম্যাচে নিকো ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসে। তখন মেসির মা কাঁদছিলেন। নিকো তাকে চিনত, তাই কাছে গিয়ে শুভেচ্ছা জানায়। তখন মেসির মা নিকোর হাত ধরে বলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’

ঘটনাটি নিকোকে দারুণভাবে নাড়া দিয়েছিল। ফাবিয়ান জানান, পরে নিকো তাকে বলেছিলেন, এমন কিছু ঘটতে পারে, তা তিনি বিশ্বাসই করতে পারছেন না। মেসির মায়ের কাছ থেকে এমন কথা শুনে রীতিমতো বিস্মিত হয়েছিলেন তরুণ এই ফুটবলার।

মেসির উত্তরসূরি হওয়ার কথা কখনো ভাবেননি নিকো। তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল মেসির সঙ্গে পরিচিত হওয়া এবং একই মাঠে তার পাশে খেলার সুযোগ পাওয়া। আর্জেন্টিনায় ফুটবল নিয়ে মানুষের আবেগ ও প্রত্যাশা অনেক বেশি। তবে দেশের বাইরে বেড়ে ওঠায় সেই চাপের সঙ্গে এখনো পুরোপুরি পরিচিত নন নিকো।

মেসি-পরবর্তী সময়ের শুরুতেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে আর্জেন্টিনা। বুধবার (১৮ নভেম্বর) কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলের বড় জয় পেয়েছে দলটি। ম্যাচে আলো ছড়িয়েছেন নিকো পাজ। জুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর সঙ্গে জোড়া গোল করেছেন তিনি। একটি গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

প্রথমার্ধেই দুই গোল করে নিজের সামর্থ্যের জানান দেন নিকো। আর্জেন্টিনার জার্সিতে সবশেষ পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। তরুণ এই মিডফিল্ডারকে ঘিরে তাই ভবিষ্যতের স্বপ্ন দেখছেন সমর্থকেরা।

কালের সমাজ/এসআর

Link copied!