ঢাকা রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বিবর্ণ বোলিংয়ে হতাশার দিন বাংলাদেশের

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৮, ২০২৬, ০৫:৪৬ পিএম বিবর্ণ বোলিংয়ে হতাশার দিন বাংলাদেশের

তাওহীদ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরির পরও সিলেট টেস্টে স্বস্তিতে নেই বাংলাদেশ। চতুর্থ দিনে ব্যাট হাতে দারুণ জবাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজের অপরাজিত ১৪০ রানের ইনিংসে দিন শেষে ৩ উইকেটে ৩৪৫ রান তুলেছে সফরকারীরা। এতে তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রানে। ম্যাচের শেষ দিনে জিততে হলে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে।

চতুর্থ দিনে বাংলাদেশের বোলারদের জন্য সময়টা ছিল হতাশার। দিনের শুরুতে দ্রুত উইকেট তুলে নেওয়ার প্রত্যাশা থাকলেও ক্যারিবীয় ব্যাটারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি তারা। প্রথম সেশনে দুটি উইকেট পেলেও দ্বিতীয় সেশনে কোনো সাফল্য আসেনি। পরে তাইজুল ইসলাম কেভিন উইকহ্যামকে ফিরিয়ে জুটি ভাঙেন। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে দিনটি নিজের করে নেন হজ। ১৮৯ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৪০ রান করে অপরাজিত আছেন তিনি। অন্য প্রান্তে আমির জাঙ্গু ৪৯ বলে ২০ রান নিয়ে দিন শেষ করেছেন। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৬১ রান।

এর আগে ব্র্যান্ডন কিংয়ের ৬১ ও কেভিন উইকহ্যামের ৭৮ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে ওয়েস্ট ইন্ডিজ। হজ ও উইকহ্যামের ১৬৫ রানের জুটি ভাঙেন তাইজুল।

প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের সুবাদে ৩৮৬ রান করেছিল বাংলাদেশ। এতে ৩০ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের দাপুটে ব্যাটিংয়ে সেই সুবিধা হারিয়ে এখন বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫। ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই চতুর্থ ইনিংসে ২১৫ রান করে জিতেছিল বাংলাদেশ। এবার জিততে হলে সেই রেকর্ড ছাড়িয়ে যেতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। ৩১৫ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে।

কালের সমাজ/কে.পি

Link copied!