ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ২৮, ২০২৬, ০৯:০৯ পিএম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ১২তম মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল। নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

এর আগে শেষ ৩২-এর ম্যাচে সেশেলসের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। টানা দুই নকআউট ম্যাচে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে উঠল দলটি।

জয়ের পর মাঠেই সেজদায় লুটিয়ে পড়ে উল্লাস করেন বাংলাদেশের খেলোয়াড়েরা।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশের দল। আটজন খেলোয়াড় নিয়ে গঠিত দলগুলোর ম্যাচ হচ্ছে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ২০ মিনিটের দুই অর্ধে।

প্রতিযোগিতার নকআউট পর্বে টিয়ার ‘এ’-তে রয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ৩২টি দল। তারা লড়ছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। অন্যদিকে, টিয়ার ‘বি’-তে রয়েছে গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করা ৩২টি দল। তাদের মধ্যে চলছে ৩৩তম স্থান নির্ধারণের লড়াই।

গ্রুপ পর্বে ছয় দলের ‘জি’ গ্রুপে খেলেছে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও দুটি হারে বাংলাদেশের সংগ্রহ ছিল পাঁচ পয়েন্ট। গ্রুপ পর্ব শেষে পঞ্চম স্থানে থেকে টিয়ার ‘ই’-তে জায়গা পায় দলটি।

এরপর শেষ ৩২-এর ম্যাচে জয় তুলে নিয়ে শেষ ষোলোতে ওঠে বাংলাদেশ। সিঙ্গাপুরকে হারিয়ে এবার নিশ্চিত করল কোয়ার্টার ফাইনাল। প্রতিযোগিতার কাঠামো অনুযায়ী, দলগুলোকে বিভিন্ন অবস্থান নির্ধারণী ম্যাচে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

এই আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য হলো, গ্রুপ পর্ব শেষে কোনো দলই সরাসরি প্রতিযোগিতা থেকে বাদ পড়ে না। প্রচলিত বিশ্বকাপের মতো শুধু পরবর্তী পর্বে ওঠা বা বিদায় নেওয়ার হিসাবের পরিবর্তে সব দলকে প্রতিযোগিতার শেষ দিন পর্যন্ত খেলার সুযোগ দেওয়া হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!