ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইবির সমাবর্তনের ফি কমানোর প্রস্তাব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

ইবি | অক্টোবর ২৮, ২০২৬, ১০:০৩ পিএম ইবির সমাবর্তনের ফি কমানোর প্রস্তাব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে ফি কমানোর প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনটি সমাবর্তন ফি ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে নির্ধারণ, সনদপত্রের জন্য পৃথক ফি এবং অতিথিপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

গতকাল রাতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রস্তাব জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য গৌরবময় ও আনন্দঘন মুহূর্ত। শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা, আর্থিক সক্ষমতা এবং সমাবর্তনের সামগ্রিক ব্যয় বিবেচনায় নিয়ে যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণ করা প্রয়োজন।

অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত ফি কাঠামো অনুযায়ী, সমাবর্তন ফি ৩ হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে নির্ধারণ করতে হবে। সনদপত্রের ফি স্নাতকে ৫০০ টাকা, স্নাতকোত্তরে ৭০০ টাকা, এমফিলে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা এবং পিএইচডিতে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রত্যেক অতিথির জন্য ৫০০ থেকে ৬০০ টাকা ফি নির্ধারণ এবং সর্বোচ্চ পাঁচজন অতিথি সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে সংগঠনটি।

প্রস্তাবনার যৌক্তিকতা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণের ব্যয় সহনীয় পর্যায়ে রাখা হলে অধিকসংখ্যক শিক্ষার্থী এ গৌরবময় আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি অতিথিদের জন্য সহনীয় ফি নির্ধারণ করা হলে শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের সঙ্গে সমাবর্তনের আনন্দ ভাগ করে নিতে পারবেন। তাই ফি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা ও সবার সমান অংশগ্রহণের সুযোগকে অগ্রাধিকার দেওয়া উচিত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষার্থীদের স্বার্থ, আর্থিক সক্ষমতা এবং সমাবর্তনের সার্বিক ব্যয় বিবেচনায় নিয়ে প্রস্তাবনাগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে একটি যৌক্তিক, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো নির্ধারণের আহ্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

কালের সমাজ/কে.পি

Link copied!