ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ

ইবি | অক্টোবর ২৬, ২০২৬, ০৯:১৫ পিএম গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ

জিএসটি গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৯, ২০ ও ২৭ মার্চের মধ্যে গুচ্ছের ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে। একই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এসব বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ ভর্তি কার্যক্রমসংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

সভা সূত্রে জানা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি ও ভর্তি কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। এতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার বিষয়ে একমত হন সংশ্লিষ্টরা।

সভায় প্রাথমিকভাবে ১৯, ২০ ও ২৭ মার্চ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রাখা হয়। অন্যদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।

তবে গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচির ওপর ভিত্তি করে সম্ভাব্য তারিখে পরিবর্তন আসতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কালের সমাজ/কে.পি

Link copied!