ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি কর্মী নিয়োগ

জেলা প্রতিনিধি, নওগাঁ | অক্টোবর ২৬, ২০২৬, ০৯:২৩ পিএম মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি কর্মী নিয়োগ

নওগাঁর মান্দায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় মাটি কাটার কাজে নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় ও বিকেল ৩টায় উপজেলার মান্দা ও কুসুম্বা ইউনিয়নে আবেদনকারীদের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে দুইটি ইউনিয়নে ১০ জন করে মোট ২০ জন শ্রমিক নির্বাচিত করা হয়। 

র্যায়ক্রমে উপজেলার ১৪ টি ইউনিয়নে উন্মুক্ত লটারির মাধ্যমে মহিলা কর্মী নিয়োগ করা হবে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় মান্দা ইউনিয়নে ১০ জন এবং কুসুম্বা ইউনিয়নে ১০ জন নারী শ্রমিক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মান্দা ইউনিয়নে ২০ জন নারী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ১৪ জন লটারিতে অংশ নেওয়ার সুযোগ পান। সেখান থেকে লটারির মাধ্যমে ১০ জনকে চূড়ান্ত এবং আরও ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। অন্যদিকে, কুসুম্বা ইউনিয়নে ৩৫ জন নারী আবেদন করেন। 

যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থী লটারিতে অংশ নেওয়ার যোগ্য বিবেচিত হন। তাঁদের মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এ ছাড়া আরও ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত কোনো শ্রমিক কাজ করতে অপারগতা প্রকাশ করলে কিংবা দুর্ঘটনায় আহত বা অসুস্থ হয়ে কাজ করতে না পারলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে অন্য শ্রমিককে কাজের সুযোগ দেওয়া হবে। লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, এলজিইডির সার্ভেয়ার এহতেশাম বিল্লাহ, মান্দা ইউনিয়ন প্রশাসক মিজানুর রহমান ও কুসুম্বা ইউনিয়নের প্রশাসক জাহাঙ্গীর আলমসহ ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আবেদনকারীরা এ সময়ে উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!