কুমিল্লার বরুড়া উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে আব্দুল হান্নান কসাইয়ের একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরের আসবাবপত্র ও কিছু হাঁস-মুরগিও পুড়ে মারা যায়। এতে আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার ১৪ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর মধ্যপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগীর ছেলে সাব্বির জানান, তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগে। পরে ঘুম ভেঙে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে এরই মধ্যে তাঁদের দুই কক্ষবিশিষ্ট একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তাপে পাশের আরেকটি ঘরের এক কোণও ক্ষতিগ্রস্ত হয়। ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
সাব্বিরের অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তাঁদের পারিবারিক বিরোধ চলছে। সেই বিরোধের জেরে অন্ধকারে তাঁদের একটি বসতঘরে আগুন দেওয়া হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো তদন্ত হয়েছে কি না, তা-ও জানা যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শনে যাননি বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন আর্থিক সংকটের মুখে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
কালের সমাজ/কে.পি

