মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে নওগাঁর মান্দায় আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন।
শুক্রবার বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলের উদ্যোগে ও সভাপতিত্বে আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল
টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক নূরুল ইসলাম এবং উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক সদেরুল ইসলাম, ৭ নং প্রসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বগুড়া ফুটবল একাদশ ও জোকাহাট ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বগুড়া ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে জয় তুলে নেয় জোকাহাট ফুটবল একাদশ।
খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। দুই দলের খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং দর্শকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
টুর্নামেন্টের আয়োজক অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলে। তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনধারায় সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি টুর্নামেন্ট সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে এলাকায় খেলাধুলার প্রসার ঘটবে, তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রচেষ্টা আরও বেগবান হবে।
কালের সমাজ/কে.পি

