ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সার ডিলার নিয়োগে অস্বচ্ছতা ও অনিয়মের প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | অক্টোবর ১৬, ২০২৬, ১০:৩৫ পিএম সার ডিলার নিয়োগে অস্বচ্ছতা ও অনিয়মের প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন

পাবনার ঈশ্বরদীতে কালো তালিকাভুক্ত এক কীটনাশক ব্যবসায়ীকে সারের ডিলার নিয়োগ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ডিলার নিজাম উদ্দীন ‘মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান’ ও ‘ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড’-এর স্বত্বাধিকারী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাড়ইমারী আনন্দ বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ‘মেসার্স সুমন ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী ও সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা সুমন মালিথা।

সুমন মালিথা লিখিত বক্তব্যে বলেন,  ২০২২ সালের ২৮ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের অভিযানে ঈশ্বরদীর ঢুলটি এলাকায় অবস্থিত ‘ন্যাপ এগ্রো কেমিক্যাল’ নামের ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছিল। সরকারি খাতায় নিজাম উদ্দিন উপজেলা কৃষি অফিসের কালো তালিকাভুক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, তৎকালীন ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব তার নিকটাত্মীয় হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে সিলগালার মাত্র এক সপ্তাহ পর প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়।

সুমন মালিথা আরও জানান, “তাদের উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে হেয় করা নয়। তারা চান, সার ডিলার নিয়োগের প্রক্রিয়া, আবেদনকারীর যোগ্যতা এবং অতীতের অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করা হোক। তদন্তে কোনো অনিয়ম বা অযোগ্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী নিয়োগ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবিও জানান তিনি।”

সংবাদ সম্মেলনে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক ওমর শরীফ হানিফ মালিথা, সলিমপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম মন্ডল, ওয়াসিম বাবু, ফজলু প্রামানিক ও রিপনসহ শতাধিক স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান ও ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেডের স্বত্বাধিকারী নিজাম উদ্দীন জানালেন, তিনি কারও সুপারিশে বা অনৈতিক উপায়ে ডিলার নিয়োগ পাননি। সরকারের নীতিমালা অনুসরণ করেই তিনি ডিলারশিপ পেয়েছেন দাবি করে তিনি বলেন, একটি পক্ষ রাজনৈতিক ট্যাগ লাগিয়ে সুবিধা হাসিল করার উদ্দেশ্যে তার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জানালেন, “ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কারও লিখিত অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছেন তিনি।

কালের সমাজ/কে.পি

Link copied!