বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ব্যাটারিচালিত টমটমের পেছনের অংশে বিশেষ কৌশলে তৈরি গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নুরুল আজিম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন পুরাতন বাসস্টেশনের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হকের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় একটি ব্যাটারিচালিত টমটমের পেছনের অংশে ঢালাই করে বিশেষ কৌশলে তৈরি গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা ছয় কাটে মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ টমটমটি জব্দ এবং নুরুল আজিমকে আটক করা হয়। আটক নুরুল আজিম কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোরাকাছা এলাকার বাসিন্দা।
তাঁর পিতার নাম মুক্তার আহমেদ এবং মাতার নাম মমতাজ বেগম। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টমটমের পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কালের সমাজ/কে.পি

