ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, সামুদ্রিক নিরাপত্তাবিধি লঙ্ঘনের পর হরমুজ প্রণালিতে আরও একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত হানলে ট্যাংকারটিতে অগুন ধরে যায়।
শনিবার আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ শনিবার এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলকারী অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার বিপজ্জনক পথে চলার সময় নৌমাইনে আঘাত হানে এবং এর ফলে ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়।
আইআরজিসি নৌবাহিনী আরও জানায়, সুপারট্যাংকারটি তার নৌচলাচল বা নেভিগেশন ও অবস্থান নির্ণয়ব্যবস্থা তথা জিপিআরএস সিস্টেম বন্ধ করে দিয়েছিল। নৌ-মাইনে আঘাত হানার পর সেটিতে বিশাল অগ্নিকাণ্ড শুরু হয়েছে। আগুন এতটাই স্পষ্টভাবে দৃশ্যমান যে উপকূলে বসবাসকারী মানুষও তা দেখতে পাচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির নিরাপত্তাবিধি ও আইন উপেক্ষার চেষ্টা চালানোর ফল তথা আইনভঙ্গ করার পরিণতি হল এই ঘটনা। অর্থাৎ আইন ভঙ্গকারী যেকোনো ট্যাংকারের পরিণতি হলো ভয়াবহ অগ্নিকাণ্ড।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস হরমুজ প্রণালীতে একটি ঘটনার কথা জানিয়েছে, যেখানে সাগর-পথটি ত্যাগ করার সময় একটি ট্যাঙ্কারের বাম পাশে অজ্ঞাত কোনো প্রজেক্টাইল আঘাত করলে তাতে আগুন ধরে যায়। ট্যাংকারটির বাম পাশে অজ্ঞাত ওই প্রজেক্টাইল বা ড্রোন আঘাত হানে। সূত্র: পার্সটুডে
কালের সমাজ/এসআর

