ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

চৌদ্দগ্রামে অস্ত্র-কার্তুজসহ যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা | অক্টোবর ১১, ২০২৬, ০৯:২২ পিএম চৌদ্দগ্রামে অস্ত্র-কার্তুজসহ যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে। আটকের আগে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয় বলে জানা গেছে। আটক মনির উপজেলার আলকরা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে।

রবিবার দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে নোয়াইজ্জা গ্রামে স্থানীয় জনতা মনিরকে আটক করে। পরে তার কাছে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ রয়েছে বলে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্রসহ থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির প্রবাসে থাকাকালে নোয়াইজ্জা গ্রামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। ওই সম্পর্কের সূত্র ধরে তিনি ওই নারীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। সম্প্রতি দেশে ফিরে রবিবার সকালে নোয়াইজ্জা গ্রামে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কালের সমাজ/কে.পি

Link copied!