ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরীসহ দুই বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি, কুমিল্লা | অক্টোবর ১১, ২০২৬, ০৯:১৯ পিএম রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরীসহ দুই বাংলাদেশি নিহত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। নিহতদের মধ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর এলাকার মুফতি মোহাম্মদ নাসরুল্লাহ বদরপুরী রয়েছেন। রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের পরিচয় নিশ্চিত করে।

নাসরুল্লাহ বদরপুর এলাকার মাওলানা মোহাম্মদ উল্লাহ ও জাহানারা বেগম দম্পতির ছেলে। তিনি একজন আলেম ও শিক্ষক। ওমরাহ পালনের উদ্দেশ্যে শনিবার সৌদি আরবে পৌঁছান তিনি। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই হামলার শিকার হন তিনি।

সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে। নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন।

নাসরুল্লাহ বদরপুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লার নাঙ্গলকোটে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও শোকের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

কালের সমাজ/কে.পি

Link copied!