কুমিল্লার মুরাদনগরে চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর থোল্লা গ্যাস পাম্পের সামনে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়। এ সময় জুম্মান হোসেন ওরফে জুম্মান ড্রাইভার (৩৩) ও মো. জসিম (৩০) নামে দুজনকে আটক করা হয়। তাঁদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যান।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় একই দিন রাত ৭টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়া (৪৫) নামে আরও একজনকে আটক করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, আটক ব্যক্তিরা আন্তজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্য। তাঁরা বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় কেনাবেচা করতেন বলে জানা গেছে। আটক জুম্মান হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুরাদনগর থানা পুলিশ। পলাতক ব্যক্তিকে আটক এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কালের সমাজ/কে.পি

