২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত লগি-বৈঠার সহিংসতায় নিহতদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নওগাঁর মান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মান্দা উপজেলা কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, হাফেজ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাস্টার মোয়াজ্জেম হোসেন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতায় নিহতদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিহতদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা বলেন, যেকোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। ২৮ অক্টোবরের ঘটনার বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কালের সমাজ/কে.পি

