বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে পদত্যাগের ইঙ্গিত দিয়ে তৈরি হওয়া সব সংশয় অবশেষে দূর হলো। আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে সম্মত হয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তার নতুন চুক্তি হচ্ছে ২০২৮ সাল পর্যন্ত, যেখানে দুই পক্ষের সম্মতিতে মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠকের পর চুক্তির শর্ত ও আর্থিক বিষয়ে সমঝোতায় পৌঁছান ৪৮ বছর বয়সি এই বিশ্বকাপজয়ী কোচ। যদিও এএফএর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে, আগামী ৯ থেকে ১৭ নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতেই নতুন চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
নভেম্বরের ফিফা উইন্ডোতে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে। ১৩ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে। এই দুই ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প চলাকালেই স্কালোনির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে।
এদিকে স্কালোনিকে ধরে রাখার পাশাপাশি তার পুরো শক্তিশালী কোচিং স্টাফকেও টিকিয়ে রাখতে মরিয়া এএফএ। পাবলো আইমার, রবার্তো আয়ালা ও বিশেষ করে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে দলে রাখার চেষ্টা চলছে, যদিও স্যামুয়েল নিজে এখন প্রধান কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সাম্প্রতিক বছরগুলোর সাফল্যে এই তিনজনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাই নতুন চুক্তিতে যতটা সম্ভব তাদের সবাইকে রাখতে আগ্রহী দেশটির ফুটবল কর্তৃপক্ষ।
২০১৮ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। তার কোচিংয়েই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে একাধিক শিরোপা জেতে দলটি। তার হাত ধরেই আর্জেন্টিনা জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। নতুন চুক্তি চূড়ান্ত হলে আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির সফল পথচলা এক দশকে গিয়ে পৌঁছাবে।
কালের সমাজ/এসআর

