মাঠে শৃঙ্খলাভঙ্গের দায়ে লাল কার্ড, মাঠের বাইরে প্রেমেও বিচ্ছেদের ধাক্কা, সময়টা যেন একেবারেই পক্ষে নেই ভিনিসিয়ুস জুনিয়রের। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখার পর এবার ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ শুনতে হলো রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকাকে। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে আবারও বিচ্ছেদ হয়েছে তার। মে মাসে আলাদা হয়ে যাওয়ার পর জুলাইয়ে ফের কাছাকাছি এসেছিলেন দুজন। তবে সেই পুনর্মিলনের রেশ কাটতে না কাটতেই, তিন মাসের মাথায় আবারও আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (১১ অক্টোবর) ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার প্রতিনিধিরা তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। তবে সম্পর্কের ইতি টানার পেছনে কোনো ঝগড়া কিংবা তিক্ততার ঘটনা নেই বলেই জানানো হয়েছে। বরং পারস্পরিক সিদ্ধান্তেই আলাদা হয়েছেন এই জুটি।
ভার্জিনিয়ার প্রতিনিধিরা জানিয়েছেন, দুজনের মধ্যে কোনো বিরোধ বা ঝামেলা হয়নি। তারা কেবল আর যুগল হিসেবে একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ, সম্পর্ক ভাঙলেও একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলার পথে হাঁটছেন না কেউই।
কেন এই বিচ্ছেদ, তা অবশ্য এখনো স্পষ্ট নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভার্জিনিয়ার একা ভ্রমণ ঘিরে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে সে সময় তার প্রতিনিধিরা জানিয়েছিলেন, সাবেক স্বামী ও সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই ওই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল। তাই মায়ামি সফরকেই বিচ্ছেদের কারণ হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই।
ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার সম্পর্কের গল্পে ওঠানামা অবশ্য নতুন নয়। ২০২৫ সালের অক্টোবরে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন তারা। এরপর চলতি বছরের মে মাসে সম্পর্কে ছেদ পড়ে। কিন্তু বেশিদিন দূরে থাকতে পারেননি দুজন, জুলাইয়ে আবারও এক হন তারা। সেই পুনর্মিলনে নতুন করে আশার আলো দেখেছিলেন ভক্তরা। তবে সেই আশা দীর্ঘস্থায়ী হলো না। তিন মাস না পেরোতেই আবারও আলাদা হয়ে গেলেন ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া।
কালের সমাজ/এসআর

