ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওরতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। জেলার চারটি উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের পাঁচটি ইউনিটে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৩০১ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার।
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠিতে শুরু হয়েছে পরিবারের তথ্য সংগ্রহ। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল হুদা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা এবং শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় ২৭৩ জন তথ্য সংগ্রহকারী ও ২৮ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ জন সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন।
তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে প্রতিটি পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। পরে এসব তথ্য সরাসরি অনলাইন ডেটাবেইজে যুক্ত করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়েজিদ ইবনে আকবর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ প্রশাসন, সমাজসেবা বিভাগ ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

