মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) মধ্যে ৩৩৫.৭৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা) মূল্যমানের ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে।
গত ১০ অক্টোবর এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় চীন সরকার প্রকল্পটির জন্য ২.৪০৪ বিলিয়ন আরএমবি ঋণ দেবে।
আজ সোমবার (১২ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে থেকে এ তথ্য জনানো হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষ গৃহীত ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে এ ঋণ ব্যবহার করা হবে।
ঋণচুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনের এক্সিম ব্যাংকের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফেংজুন তিয়ান স্বাক্ষর করেন।
প্রকল্পটির আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কন্টেইনার টার্মিনাল, কন্টেইনার ইয়ার্ড, কন্টেইনার ডেলিভারি ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি বন্দরের প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বাক্ষরিত ঋণচুক্তির আওতায় চীন সরকার প্রকল্পটির জন্য ২ শতাংশ সুদে নমনীয় ঋণ দেবে। এ ঋণ পরিশোধের মেয়াদ হবে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছর।
কালের সমাজ/কে.পি

