সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) সঙ্গে সম্পর্কের ইতি টানতে চান ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা; এমনই দাবি করা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে। ইশান কিশানকে দলের নেতৃত্ব দেয়ার সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েই নাকি হায়দরাবাদ ছাড়ার কথা ভাবছেন ২৬ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।
২০১৯ সাল থেকে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আছেন অভিষেক। দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকা এই ব্যাটার দলের অধিনায়ক হওয়ারও ইচ্ছা পোষণ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, প্যাট কামিন্সের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে সবশেষ আইপিএলে কয়েকটি ম্যাচে হায়দরাবাদের নেতৃত্ব দিয়েছিলেন ইশান কিশান। আগামী মৌসুমে কামিন্সের ব্যস্ত সূচির কারণে তিনি আইপিএলে নাও খেলতে পারেন। সেই পরিস্থিতিতে ইশানকেই নিয়মিত অধিনায়ক করার পরিকল্পনা করছে হায়দরাবাদ; এমন খবরই সামনে এসেছে। আর এই সিদ্ধান্তই অভিষেকের অসন্তোষের কারণ বলে দাবি করা হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অভিষেক নতুন দল খুঁজতে চাইলে ইতোমধ্যেই কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস, শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটানস এবং পাঞ্জাব কিংসের সঙ্গে অভিষেক ও সানরাইজার্সের সম্ভাব্য যোগাযোগ হয়েছে বলে জানা গেছে। দিল্লি ক্যাপিটালসকেও সম্ভাব্য গন্তব্য হিসেবে দেখা হচ্ছে, কারণ অভিষেকের মেন্টর যুবরাজ সিং বর্তমানে দলটির সঙ্গে যুক্ত।
একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ইশান কিশানকে অধিনায়ক করার পর থেকেই অভিষেক অসন্তুষ্ট। তবে অধিনায়কত্বের সুযোগ না পেলেও আপাতত অন্য কোনো দলে খেলতে রাজি থাকতে পারেন তিনি।
তবে সানরাইজার্স হায়দরাবাদের সিইও কে শানমুগাম এই খবরকে সরাসরি অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমটির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি অভিষেককে ঘিরে এমন কোনো আলোচনা চলছে না বলে দাবি করেন।
অভিষেক সত্যিই হায়দরাবাদ ছাড়লে তাকে নিয়ে বড় ধরনের দলবদলের সম্ভাবনা তৈরি হতে পারে। কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের মতো দলেও নেতৃত্বের জায়গা খালি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হায়দরাবাদ ও অভিষেকের মধ্যে বিচ্ছেদ হলে সেটি সরাসরি খেলোয়াড় বদল, নগদ চুক্তি নাকি নিলামের মাধ্যমে হবে; তা এখনো পরিষ্কার নয়।
কালের সমাজ/এসআর

