ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

এনসিসি ব্যাংকের বৃত্তি পেল ১৪৩ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ৩, ২০২৬, ০৮:০১ পিএম এনসিসি ব্যাংকের বৃত্তি পেল ১৪৩ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থী

দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ১৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে এনসিসি ব্যাংক। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ বৃত্তি প্রদান করা হয়। সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এনসিসি ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম; উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান; ইভিপি ও সাসটেইনেবল ও উইমেন’স ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজ; এসভিপি ও এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলমসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এম. শামসুল আরেফিন বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জ্ঞান, উদ্ভাবন ও অর্থনৈতিক অগ্রগতির চালিকাশক্তি। আর্থিক অসচ্ছলতার কারণে যাতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে এনসিসি ব্যাংক ধারাবাহিকভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি তাদের মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি দক্ষতা অর্জন এবং সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার আহ্বান জানান।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এনসিসি ব্যাংক দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাংক প্রতি বছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। ব্যাংকের অন্যান্য সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের মধ্যে রয়েছে দুর্যোগকবলিত মানুষের সহায়তা, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রান্তিক কৃষকদের কৃষি উপকরণ প্রদান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা প্রদান।  তিনি আরও বলেন, বৃত্তি প্রদান কোনো ব্যয় নয়; বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ মানবসম্পদ উন্নয়নে একটি বিনিয়োগ। দেশের মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা করার মাধ্যমে এনসিসি ব্যাংক একটি দক্ষ, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখতে চায়।

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!