ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় মৎস্য দপ্তরের অভিযানে ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে আজ শনিবার সকাল থেকে উপজেলার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া এলাকায় উপজেলা মৎস্য দপ্তর পৃথক অভিযান পরিচালনা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন অভিযানে নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয়, শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল।
এ অভিযানে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী ৭৭ পিস জাল কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন কালের সমাজকে বলেন, চায়না দুয়ারী জাল দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণির পোনা ধ্বংস করছে। মৎস্য সম্পদ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ/কে.পি

