পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশের আয়োজন করে `মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)`।
সমাবেশে এমআরইউর শীর্ষ নেতারা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (এমআরইউ) সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, ‘সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্যই পরিকল্পিতভাবে এই হামলাগুলো চালানো হচ্ছে। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার গণমাধ্যমকর্মীরা এমন আগ্রাসনের শিকার হচ্ছেন। দোষীদের দ্রুত আইনের আওতায় না আনলে আমরা রাজপথ ছাড়ব না।’
সমাবেশে সংগঠনটির প্রচার সম্পাদক মোঃ ইসমাইল হোসেন তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে মাল্টিমিডিয়া ও সংবাদমাধ্যমের কর্মীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকিতে পড়ছেন। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি রাষ্ট্রকে অবশ্যই সাংবাদিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা না হলে সারা দেশের সাংবাদিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
এ সময় সমাবেশে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত সংবাদকর্মীরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও স্বাধীন গণমাধ্যমের কাজ করার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।
কালের সমাজ/কে.পি

