ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিখোঁজের তিনদিন পর ইসমাইল(৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোকন নামে একজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে গত-২০ সেপ্টেম্বর সকাল ১১ টায় ইসমাইল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি।
মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয়রা খালে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে দেখতে পায় বস্তায় নিখোজ হওয়া শিশুটির মরদেহ।
শিশুটির চাচি নুর নাহার (৪০) দাবি করে বলেন, কিছুদিন আগে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ইসমাইলের বাবার সঙ্গে রোকনের বিরোধ হয়। এ সময় রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন করব, সারাজীবন কাঁদবি।’
তবে পরিবারের করা এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বোরহানউদ্দিন থানার যোগদানকৃত (ওসি) আশরাফউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কালের সমাজ/কে.পি

