‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ অর্থবছরের নবীন সদস্যদের বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক-সাংস্কৃতিক, অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম চত্বরে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ গ্রহণ, ফুল ও উপহার প্রদানের মাধ্যমে নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
সংগঠনের সভাপতি মো. ইমন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারহানা আইরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২৪-২৫ অর্থবছরের সভাপতি মো. আমিনুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, অগ্রপথিক, দুরন্ত পথিক, নবীন পথিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সদস্যরা নবীনদের উদ্দেশে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা ‘তারুণ্য’র লক্ষ্য, আদর্শ ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সংগঠনের কর্মকাণ্ডে নবীন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষদিকে নবীন সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই সংগঠনটির যাত্রা শুরু হয়। বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করা, স্বেচ্ছাসেবী মানসিকতা ও নেতৃত্বগুণ বিকাশ, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা, বইপাঠের মাধ্যমে শিল্প ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ এবং অসহায় শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
কালের সমাজ/কে.পি

