সরকারি বিভিন্ন দপ্তরের সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এ সংলাপে সরকারি সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা, সেবা গ্রহণে প্রতিবন্ধকতা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সেবার মান আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।
খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত এবং পালস বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে সুইস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতা এবং নাগরিকতা-জিএফএ-এর কারিগরি সহায়তা রয়েছে।
খান ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী ওমর খৈয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা, মহিলা বিষয়ক, সমবায়, পরিবার পরিকল্পনা ও প্রাথমিক শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এতে কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও অংশ নেন।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রধান, নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রতিনিধি, আইনজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশগ্রহণ করেন।
আলোচনায় সরকারি দপ্তরগুলোর সেবা জনগণের জন্য আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সরকারি সেবা প্রাপ্তির সুযোগ বৃদ্ধি, সেবার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারি সেবার মান নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, সুশীল সমাজ ও নাগরিক সমাজের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন। এ ধরনের সংলাপ সেবার সমস্যা চিহ্নিত করার পাশাপাশি কার্যকর সমাধানের পথ তৈরি করবে বলেও মত দেন তারা।
কালের সমাজ/কে.পি

