ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন খেলা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি,গাজীপুর | সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৮:০০ পিএম গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন খেলা  অনুষ্ঠিত

হারিয়ে যেতে বসা জাতীয় খেলা কাবাডিকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে গাজীপুরে অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। বাংলাদেশ পুলিশের দেশব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রমের অংশ হিসেবে পূবাইল থানায় আয়োজিত থানা পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নেন ১৮ জন খেলোয়াড়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘লাল’ ও ‘সবুজ’ দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ৩৯ পয়েন্ট অর্জন করে ‘লাল’ দল বিজয়ী হয়। অপরদিকে ‘সবুজ’ দল ১৫ পয়েন্ট নিয়ে পরাজিত হয়।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে মেডেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। তিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক।

এ সময় মো. ইসরাইল হাওলাদার বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক মূল্যবোধও গড়ে ওঠে। কাবাডির মতো দেশীয় খেলাকে জনপ্রিয় করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ), ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সদর মেট্রো থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, পূবাইল থানার অফিসার ও ফোর্স, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, কমিউনিটি পুলিশিংয়ের সঙ্গে খেলাধুলাকে সম্পৃক্ত করার এ উদ্যোগ তরুণদের মাঠমুখী করতে এবং দেশের হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী কাবাডিকে নতুন করে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

কালের সমাজ/কে.পি

Link copied!