ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সর্বগ্রাসী মধুমতির থাবায় বিলীন ভিটেমাটি

মাগুরার মহম্মদপুরের দুই গ্রামে শত শত মানুষের হাহাকার, টেকসই বাঁধের আকুল আকুতি

জেলা প্রতিনিধি, মাগুরা | সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৪:২৯ পিএম মাগুরার মহম্মদপুরের দুই গ্রামে শত শত মানুষের হাহাকার, টেকসই বাঁধের আকুল আকুতি

মাগুরার মহম্মদপুর উপজেলার চুড়ারগাতী ও গয়েশপুর গ্রামে সর্বগ্রাসী মধুমতি নদীর তীব্র ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে একের পর এক পরিবার। নদীর প্রবল স্রোত ও ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শত শত বছরের পুরনো বসতবাড়ি ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অনেক ক্ষতিগ্রস্ত পরিবার, যাদের চোখে-মুখে এখন কেবলই অনিশ্চয়তা ও হাহাকার।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে মধুমতি নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে চুড়ারগাতী ও গয়েশপুর এলাকায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন নদীর পেটে চলে যাচ্ছে বিঘা বিঘা আবাদি জমি, গাছপালা এবং বসতঘর। ভাঙনের গতি এতোটাই দ্রুত যে, অনেকে নিজেদের শেষ সম্বলটুকু সরিয়ে নেওয়ার সুযোগও পাচ্ছেন না। চোখের সামনে নিজেদের আজীবনের উপার্জিত সম্পদ নদীগর্ভে তলিয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ছেন ক্ষতিগ্রস্তরা।

​এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে মধুমতির ভাঙন তীব্র রূপ নিলেও নদী রক্ষায় এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান করা হয়নি। ফলে প্রতি বছরই অনেক পরিবার ভূমিহীন হয়ে পড়ছে। জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে অচিরেই মানচিত্র থেকে মুছে যেতে পারে এই দুই সমৃদ্ধ গ্রাম।

​এ অবস্থায় নদী ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ ও ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের (পানি উন্নয়ন বোর্ড) প্রতি আকুল আকুতি জানিয়েছেন এলাকাবাসী। সেই সঙ্গে নদী তীরবর্তী অসহায় মানুষের জীবন-জীবিকা রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং এবং একটি টেকসই নদী রক্ষা বাঁধ নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য (এমপি) মহোদয়ের আশু সু-নজর ও হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!