এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারী উপজেলায় ৬ হাজার ৫০০ গাছ রোপণ করা হচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা প্রশাসনের এ কর্মসূচির আওতায় হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে বৃক্ষরোপণ শুরু হয়েছে। সকাল ১১টায় রাঙামাটি সড়কের ভাঞ্জন ব্রিজ এলাকায় জেলা প্রশাসনের মূল কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু গাছ লাগানো নয়, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে গাছগুলোর পরিচর্যা ও তদারকি করা হবে। প্রতিটি গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ, গাছের সোজা বৃদ্ধি নিশ্চিত করতে খুঁটি স্থাপন, নিয়মিত পানি দেওয়া এবং সুরক্ষায় বেড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কোনো গাছ মারা গেলে সেখানে নতুন গাছ লাগানো হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে হাটহাজারীতে সবুজায়ন বাড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে কর্মসূচির সাফল্য নির্ভর করবে রোপণের পর গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও দীর্ঘমেয়াদি সংরক্ষণের ওপর।##
কালের সমাজ/কে.পি

