দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন। সব মিলিয়ে এক দিনে দুই রোগে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৫ জন। অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৫ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৫ জনের।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত বুলেটিনে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু এবং হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৬৬ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানানো হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ও নতুন হাসপাতালে ভর্তি রোগীর তথ্য দেশের চলমান জনস্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বেগ বাড়াচ্ছে।
কালের সমাজ/কে.পি

