যুবসমাজকে শুধু চাকরির সন্ধানে সীমাবদ্ধ না রেখে প্রয়োজনীয় দক্ষতা ও আধুনিক উপকরণ সরবরাহের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুবসমাজকে জাগিয়ে তোলা এবং তাদের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশের সুযোগ সৃষ্টি করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তরুণদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চায় সরকার।
শুধু চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, যুবসমাজকে নিজেদের পাশাপাশি সমাজের অন্যদের জন্যও নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে চিন্তা করতে হবে এবং বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণা তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। এ ধরনের চাকরি মেলা তরুণদের নতুন উদ্দীপনা জোগানোর পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখাবে।
তরুণ প্রজন্মকে দেশের সফল উদ্যোক্তা ও সমাজসেবীদের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা, জহুরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরীর মতো সফল উদ্যোক্তা ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
দিনব্যাপী এ চাকরি মেলায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে চাকরিপ্রার্থীরা অংশ নেন। দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের স্টলে চাকরিপ্রার্থীদের ভিড় দেখা যায়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেলায় ২৫ হাজার নিবন্ধিত প্রার্থীসহ ৪০ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশ নেন। তাৎক্ষণিকভাবে শতাধিক চাকরিপ্রার্থী চাকরি পেয়েছেন বলেও জানানো হয়।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে জমা পড়া লক্ষাধিক জীবনবৃত্তান্ত (সিভি) যাচাই-বাছাই শেষে শিগগিরই আনুষ্ঠানিক নিয়োগপ্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও এ জেড এম রেজওয়ানুল হক এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল।
কালের সমাজ/কে.পি

