রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এ সময় এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত একটি গেট ও স্টল ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে মেলার গেট ও স্টল ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।
এ সময় এক শিক্ষার্থী বলেন, ‘মেলা সরিয়ে নেওয়ার জন্য গতকাল আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল। এজন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে কোনো অগ্রগতি আমরা দেখিনি। আমরা আমাদের মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
এ বিষয়ে মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, ‘আমরা এখনই গেট সরিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলব।’
কালের সমাজ/এসআর

