ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ২১, ২০২৬, ০৬:৫২ পিএম রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

রাজধানী ঢাকায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মহানগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এবার রাজধানীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়।

বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিয়ে রাজধানীর পলাশী মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ।

তিনি বলেন, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। মহানগরীর ৩৩টি পয়েন্টে বিসর্জন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব স্থানের মধ্যে ওয়াইজঘাটে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

মো. শহীদুল্লাহ জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। ইতোমধ্যে শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রতিমাগুলো নির্ধারিত স্থানে রাখা হচ্ছে। শিগগিরই শোভাযাত্রা শুরু হবে।

বিসর্জন ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ডিএমপির এই কর্মকর্তা বলেন, পুলিশের ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসআরইউ, সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং এসআরবির সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

তিনি আরও বলেন, রাজধানীতে এবার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বাকি সময়েও কোনো নেতিবাচক ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।


কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও জানান মো. শহীদুল্লাহ। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজার কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ করার পুরো প্রক্রিয়ায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।


বিষয়: রাজধানী প্রতিমা বিসর্জন

Link copied!