ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

নগরকান্দায় ৬৩ মণ্ডপে দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন, ঘটেনি অপ্রীতিকর ঘটনা

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি | অক্টোবর ২১, ২০২৬, ০৫:৪০ পিএম নগরকান্দায় ৬৩ মণ্ডপে দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন, ঘটেনি অপ্রীতিকর ঘটনা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন শেষে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। এ বছর উপজেলার ৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজা উদ্‌যাপন থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি, প্রশাসনের তৎপরতা এবং বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব।

পূজা চলাকালে বিভিন্ন মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির নেতাকর্মীরাও সক্রিয় ছিলেন।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, “ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের দিকনির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপের খোঁজখবর রেখেছেন। আমরা দিনরাত পূজারীদের পাশে ছিলাম। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবার হিন্দু সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে ও আনন্দের সঙ্গে শারদীয় উৎসব পালন করতে পেরেছেন।”

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। প্রশাসনের পক্ষ থেকেও সার্বক্ষণিক মাঠপর্যায়ে নজরদারি ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন এবং প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।”

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “এ বছর উপজেলায় ৬৩টি পূজামণ্ডপে প্রতিমা তৈরি করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের দিকনির্দেশনায় প্রশাসনের পক্ষ থেকে দিনরাত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।”

শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। সার্বিক নিরাপত্তা ও প্রশাসনের তৎপরতায় উৎসবের আনন্দঘন পরিবেশ বজায় ছিল।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!